২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

এ বছরের অমর একুশে গ্রন্থমেলা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। প্রতি বছর ১ ফেব্রুয়ারি মেলা শুরু হলেও অনিবার্য কারণে এবার কিছুটা দেরিতে শুরু হচ্ছে এই প্রাণের মেলা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ আজম এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ভাষা শহীদদের স্মরণে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রতি বছর মাসব্যাপী বইমেলা আয়োজন করা হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার ১ ফেব্রুয়ারিতে মেলা শুরু করা সম্ভব হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং প্রকাশক ও অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মেলা পরিচালনার জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। বইমেলা সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা আয়োজিত হয়, যা বাঙালির মিলনমেলায় পরিণত হয়।