আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক দল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস (Ivars Ijabs)। অন্যদিকে, সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতারা।
সংক্ষিপ্ত এই বৈঠকে নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, শঙ্কা এবং প্রত্যাশার কথা শোনেন ইইউ প্রতিনিধিরা। পর্যবেক্ষক দল মনে করে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মূল্যায়ন করতে হলে সমাজের সকল স্তরের ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাপ করা অত্যন্ত জরুরি। এটি দেশ গঠনের জন্য সুচিন্তিত মতামত সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
উল্লেখ্য, নির্বাচনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।