আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানকারী ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় কিউআর কোড স্ক্যান এবং ব্যালট পেপার জমা দেওয়ার জন্য আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত যেসব ভোটার এখনো তাদের ব্যালট খামের ওপর থাকা কিউআর কোড (QR Code) স্ক্যান করেননি, তাদের ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্বচ্ছতা ও নির্ভুল ভোটগণনা নিশ্চিত করতে ডিজিটাল এই যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্ক্যান না করলে সংশ্লিষ্ট ভোটারের ব্যালটটি বাতিল বলে গণ্য হবে।
যারা ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটারদের ব্যালট পেপার পাওয়ার পরপরই ভোটাধিকার প্রয়োগ করে হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে বলা হয়েছে। খাম জমা দেওয়ার সর্বশেষ সময়সীমাও ১০ ফেব্রুয়ারি।
ইসি জানিয়েছে, সময়মতো রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছানো নিশ্চিত করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পর খাম জমা দিলে তা পৌঁছাতে দেরি হতে পারে, যার ফলে ওই ভোটটি গণনা থেকে বাদ পড়ার ঝুঁকি থাকবে।
জাতীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকল ভোটারকে এই নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।