ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র একদিন বাকি। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোন কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। সচিবালয় ও বিভিন্ন মন্ত্রণালয় সূত্রে উপদেষ্টাদের ভোটের কেন্দ্রের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অধিকাংশ উপদেষ্টা নির্বাচনের দিন রাজধানী ঢাকায় অবস্থান করবেন এবং তাদের নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন।
আসুন জেনে নিই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শ্যামলী শিশুমেলার কাছে একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন ভোট দেবেন রাজধানীর মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে।
উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দেবেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
চট্রগ্রাম মহানগরীর মেহেদীবাগের নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
তবে চট্টগ্রাম নিবাসী আরেক উপদেষ্টা ড. খালিদ হোসেন যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি সম্ভবত এবার ভোটকেন্দ্রে যেতে পারছেন না। জানতে চাইলে এ উপদেষ্টা বলেন, তার জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন। চট্টগ্রামের ভোটার হওয়ায় এবার সম্ভবত চট্টগ্রামে যেতে পারছেন না।
তিনি জানান, আজ তিনি ধর্ম মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২-এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে। সূত্র: বাসস