সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সিইসি বলেন, ‘আমরা সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় এমন যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে তদারকি করবে কমিশন। ভোটের দিন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’
নির্বাচন প্রস্তুতির বিষয়ে তিনি জানান, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আগামীকাল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনাদের রিপোর্টের মাধ্যমেই ভোটের আসল চিত্র বিশ্ববাসীর কাছে উঠে আসবে।’
এবারের নির্বাচনের বিশেষ দিক উল্লেখ করে সিইসি জানান, প্রথমবারের মতো বিদেশের মাটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে। বিপুলসংখ্যক প্রবাসী ভোটার এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এবং তাদের পাঠানো ব্যালট পেপার ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে।