আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি স্পষ্ট জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা বিজিবি অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার নির্বাচনি বেইজ ক্যাম্পগুলো পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি সরাসরি বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অপারেশনাল সক্ষমতা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি পর্যালোচনা করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘জাতীয় গুরুত্বসম্পন্ন এই নির্বাচনি দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একটি সুন্দর নির্বাচনি পরিবেশ বজায় রাখতে বাহিনীর প্রতিটি সদস্যকে দিনরাত চব্বিশ ঘণ্টা সজাগ থাকতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি বা সংশয় ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে দেশজুড়ে বিজিবির টহল কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন কৌশলগত স্থানে চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি চালানো হচ্ছে।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, সততা এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিজিবির এই কঠোর অবস্থানের ফলে নির্বাচনি এলাকায় অপরাধী চক্রের তৎপরতা দমন হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।