যে কারণে ভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে

সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলেও ব্যতিক্রম কেবল শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুজনিত কারণে এই আসনটির ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ২৯৯টি আসনে ভোট গ্রহণ চললেও আজ ভোট দিতে পারছেন না এই আসনের ভোটাররা।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (পিআরও) সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, কোনও বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল বা স্থগিত করার বিধান রয়েছে। সেই অনুযায়ী শেরপুর-৩ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

শেরপুর-৩ আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে মাঠে ছিলেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১)। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। প্রার্থীর মৃত্যুর পর আইনি প্রক্রিয়ায় এই আসনের নির্বাচন স্থগিত করা হয়।

ইসি সচিব জানান, এই আসনে নির্বাচনের জন্য পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করা হবে। তবে একটি বিশেষ সুবিধা থাকছে পুরনো প্রার্থীদের জন্য। যারা আগে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে নতুন কোনও যোগ্য ব্যক্তি চাইলে নতুন তফসিলে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

উল্লেখ্য, এই আসনে নুরুজ্জামান বাদলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে ছিলেন বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের বাকি ২৯৯টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি আজ একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে ঐতিহাসিক গণভোট।