গণভোটের ফলের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল এবং একই সঙ্গে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কার বিষয়ক গণভোটের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফল এবং গণভোটের চূড়ান্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হয়।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদের সংবিধান ও রাষ্ট্র সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলে দেখা গেছে, দেশের সাধারণ মানুষ বিপুল ব্যবধানে সংস্কার প্রস্তাবের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এর মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পথ আনুষ্ঠানিকভাবে প্রশস্ত হলো।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, এবারের গণভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। 

গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। এছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

এর আগে শুক্রবার বিকেল ৩টায় জাতীয় নির্বাচন ও গণভোটের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬ ধারার (৩) উপ-ধারা অনুযায়ী এই ফল আনুষ্ঠানিকভাবে গেজেটে প্রকাশ করেছে। 

এই ম্যান্ডেটের ফলে জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার ও অন্যান্য প্রস্তাবনা বাস্তবায়নে আর কোনো আইনি বাধা রইল না।