রমজানের চাঁদ দেখার সময় জানালো পর্যবেক্ষকেরা

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা নিয়ে নতুন তথ্য জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকেরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে রমজানের চাঁদ দেখার জন্য প্রায় ৫০ থেকে ৫১ মিনিট সময় পাওয়া যাবে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য অত্যন্ত অনুকূল।

বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাতে নতুন চাঁদের জন্ম হবে। তবে নতুন চাঁদ সৃষ্টির দিন সাধারণত খালি চোখে তা দেখা যায় না, কারণ দৃশ্যমান হওয়ার জন্য চাঁদের বয়স অন্তত ১২ থেকে ১৮ ঘণ্টা হওয়া প্রয়োজন। ফলে মঙ্গলবার রাতে পৃথিবীর অধিকাংশ স্থান থেকেই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ।

তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি মঙ্গলবার অত্যাধুনিক টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখতে পায়, তবে সেখানে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হতে পারে। আর সেখানে চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।

বিডব্লিউওটি-এর হিসাব অনুযায়ী, বাংলাদেশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং চাঁদাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। অর্থাৎ সূর্যাস্তের পর চাঁদ প্রায় ৫০ থেকে ৫১ মিনিট আকাশে অবস্থান করবে। ওই সময় চাঁদের বয়স ২৪ ঘণ্টা অতিক্রম করবে, যা খালি চোখে দেখার জন্য আদর্শ সময়।

তবে পর্যবেক্ষকেরা জানিয়েছেন, চাঁদ দেখা যাওয়া সম্পূর্ণভাবে নির্ভর করবে ওই সময়ের আকাশের স্বচ্ছতা, মেঘের উপস্থিতি এবং বায়ুদূষণের মাত্রার ওপর।

গত বছরের মতো এবারও মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের রোজা বা ঈদ শুরুর সময়ের ব্যবধান কমে আসার একটি সম্ভাবনা বা ‘ক্লোজ কল’ পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।