নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এবার নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে সংসদ ভবনের নির্ধারিত ‘শপথ কক্ষে’ এই অনুষ্ঠান শুরু হবে। বিপুল সংখ্যক সংসদ সদস্য হওয়ায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি কয়েক দফায় বা গ্রুপভিত্তিক অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যে শপথ পড়ানোর বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংসদ সচিবালয়।

সাধারণত নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান বিদায়ী সংসদের স্পিকার। কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ২ সেপ্টেম্বর তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। অন্যদিকে, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকায় তার পক্ষেও এই দায়িত্ব পালন করা সম্ভব নয়।

এমন পরিস্থিতিতে সংবিধানের ১৪৮(২ক) অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবিধানের এই বিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার শপথ পড়াতে না পারলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই আইনি বাধ্যবাধকতা ও প্রয়োজনীয়তা থেকেই সিইসি এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার এমপিদের শপথ পড়াবেন।

উল্লেখ্য, সংসদ সদস্যদের শপথের পরপরই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে, যা একই দিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।