দীর্ঘদিনের প্রথা ও ঐতিহ্য ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় শুরু হবে মন্ত্রিসভার মূল শপথ অনুষ্ঠান। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর শনিবার থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় এই বিশাল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া।
নিয়মানুসারে, সকালে এমপিদের শপথ গ্রহণের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে ‘সংসদ নেতা’ নির্বাচিত করা হবে। এরপর নবনির্বাচিত সংসদ নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন করবেন। রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরে পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।
গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করেছে। নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী।
সাধারণত বঙ্গভবনে এই অনুষ্ঠান আয়োজিত হলেও, নতুন সরকারের পছন্দ অনুযায়ী এবার সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে (দক্ষিণ প্লাজা) এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপিত হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আয়োজন সফল করতে নিবিড়ভাবে কাজ করছে।