ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ শুরু

ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে যাত্রা শুরু হলো জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সংসদের। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাচ্ছেন। নিয়ম অনুযায়ী, তিন ধাপে ১০০ জন করে সংসদ সদস্যকে শপথ পাঠ করানো হচ্ছে। ইতোমধ্যে ঢাকা-৮ আসনে বিজয়ী মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য দলের নবনির্বাচিত প্রতিনিধিরা সংসদ ভবনে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেছেন।

সংসদ সদস্যদের শপথ শেষ হওয়ার পর দুপুরেই বিএনপির সংসদীয় দলের বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ‘সংসদ নেতা’ নির্বাচিত করা হবে। এরপর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশাল উন্মুক্ত মঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে ও নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত রয়েছেন।

শপথ অনুষ্ঠান ঘিরে শেরেবাংলা নগর ও সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সীমিত করা হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।