মন্ত্রিসভার শপথ ঘিরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন পথচলার অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ ভবনের নির্ধারিত শপথ কক্ষে নতুন জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাচ্ছেন।

সকাল ৯টার আগে থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ভবন এলাকায় উপস্থিত হতে শুরু করেন। সরেজমিনে মনিপুরীপাড়া ও এর আশপাশের প্রবেশপথগুলোতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। প্রিয় নেতাকে সংসদ সদস্য হিসেবে দেখার মাহেন্দ্রক্ষণ উদযাপন করতে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন তারা। কড়া নিরাপত্তার মধ্যেও সংসদ এলাকা ছিল উৎসবমুখর।

সংসদ সদস্যরা তাদের নিজস্ব পরিবহনে নির্ধারিত গেট দিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে শৃঙ্খলার সাথে প্রতিটি গেটে তল্লাশি ও প্রবেশ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নেতাকর্মীদের চাপে ট্রাফিক ব্যবস্থা সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে দেখা গেছে।

এর আগে, সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছিলেন যে, আজ সকাল ১০টায় সিইসি নবনির্বাচিত সংসদ সদস্য এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্যদের শপথ পাঠ করাবেন। এই মর্মে সংসদ সচিবালয়ের সচিবকে আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল।

শপথগ্রহণ শেষ হওয়ার পর সংসদীয় নেতার নির্বাচন এবং বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দেশের পূর্ণাঙ্গ শাসনব্যবস্থার দায়িত্ব গ্রহণ করবেন নির্বাচিত প্রতিনিধিরা।