বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া সাধারণ নির্বাচনের তফসিল রোজার মধ্যেই ঘোষণা করতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসি সূত্র জানায়, বগুড়া-৩ আসনের উপনির্বাচন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের তফসিল রোজার মধ্যে ঘোষণা করার যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্রুত ঘোষণা করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এই আসনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে। শিগগিরই জানতে পারবেন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এক সঙ্গে একটির বেশি আসন থেকে সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা জ্ঞাপন করলে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে তার নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।
অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এই আসনের ভোট করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।