দীর্ঘ নাটকীয়তা ও আলোচনার পর অবশেষে দুই ধরনের শপথই গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তারা সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ বাক্য পাঠ করেন।
এর আগে, সকালে বিএনপির সংসদ সদস্যরা কেবল এমপি হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদে’ শপথ নেওয়া থেকে বিরত থাকেন। তবে দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিজয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীরা জোড়া শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
একই দিনে দুই ধরনের অবস্থানের কারণে সংসদে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি সাংবিধানিক ও আইনি ব্যাখ্যার দোহাই দিয়ে সংস্কার পরিষদ থেকে দূরে থাকলেও জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা এই পরিষদের সদস্য হয়ে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হলেন। ফলে গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেলো সংসদ।
বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ গ্রহণের আগে জামায়াত ও স্বতন্ত্রদের এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।