সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়ালেন রুমিন-ইশরাক

ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোর কারণে নিজ দল বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন। পরে তিনি জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গে দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন। একই সময়ে শপথ নেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। 

তবে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই যখন জামায়াতের সংসদ সদস্যরা দ্বিতীয় দফায় ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিতে শুরু করেন, তখন ইশরাক হোসেন ও রুমিন ফারহানা শপথস্থল থেকে বেরিয়ে যান। এর মাধ্যমে তারা সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করেন।

ইশরাক ও রুমিন বেরিয়ে যাওয়ার পর জামায়াতে ইসলামীর নবনির্বাচিত ৬৮ জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় দফায় শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে তারা নিজ নিজ আসন উল্লেখ করে শপথপত্রে সই করেন। এর আগে সকালে বিএনপির অধিকাংশ সংসদ সদস্য কেবল এমপি হিসেবে শপথ নিয়েছিলেন, কিন্তু সংস্কার পরিষদে শপথ নেওয়া থেকে বিরত ছিলেন।

এদিকে, সংসদীয় প্রক্রিয়া শেষে এখন সবার নজর বিকেল ৪টার দিকে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। আজ সন্ধ্যায়ই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।