বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। দুই নেতার আলাপকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। তারা উভয় দেশের জনগণের কল্যাণে এবং জনকেন্দ্রিক সহযোগিতার ধারা অব্যাহত রেখে একত্রে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে আজ দুপুরে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান ওম বিড়লা। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন। ভারতের লোকসভার স্পিকারের এই উপস্থিতি ও দ্রুত সফরের আমন্ত্রণ দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।