আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে বিশেষ বৈঠক এবং সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন তিনি।
মন্ত্রিপরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রিপরিষদ সূত্র জানায়, আজ সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বেলা ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। বৈঠকের কোনো অ্যাজেন্ডা নেই বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সাথে মতবিনিময় করবেন তিনি।
এদিকে, মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথগ্রহণ করেন।
এদিন বিকেল ৪টা ১০ মিনিটে মন্ত্রীদের শপথগ্রহণ শুরু হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান ও ত্রয়োদশ সংসদ নেতা তারেক রহমান। শপথ শেষে করমর্দনের মাধ্যমে তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
শপথগ্রহণের পর শপথপত্রে স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আসন গ্রহণ করেন তারেক রহমান।
এরপর মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ত্রয়োদশ সংসদের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো: জাহিদ হোসেন, খলিলুর রহমান, আবদুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মো: আমিনুর রশিদ, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবীব দুলু, মো: আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
মন্ত্রীদের শপথগ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর শেষ হওয়ার পর আসে প্রতিমন্ত্রীদের পালা। প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো: শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো: আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো: আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম শপথ নেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। পর দিন ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি।
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দু’টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্য দিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে নয়টি আসন।