মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সেখানে জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেবেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে এই নতুন সরকার গঠিত হয়।
দেশ পরিচালনার প্রথম দিন হিসেবে আজ বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর মধ্যাহ্নভোজ এবং বিকেলে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবসকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সচিবদের সঙ্গে বৈঠকে তিনি দেশ সংস্কার ও জনকল্যাণমূলক কাজে গতি আনার নির্দেশনা দিতে পারেন।
এদিকে, রাজনৈতিক অঙ্গনেও এই নতুন সরকারকে নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির এক বিবৃতিতে জানিয়েছেন, 'জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না'। সরকারের প্রথম দিনের কার্যক্রম ও নীতি নির্ধারণী বৈঠকগুলোর দিকে এখন তাকিয়ে আছে দেশবাসী।