পবিত্র রমজানে সেহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি জানান, জনগণের বিপুল সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যে কোনো ধরনের প্রভাব, স্বজনপ্রীতি ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত দৃশ্যমানভাবে বাস্তবায়নের পথ নিয়েও দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
নুর বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার ঘোষণার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত করণীয় নির্ধারণের কথা বলা হয়েছে।
নিজ দায়িত্বাধীন খাতের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর। অতীতে জিয়াউর রহমান শ্রমবাজার সম্প্রসারণে ভূমিকা রেখেছিলেন এবং খালেদা জিয়া-র সময় তা ধারাবাহিকতা পায়। মাঝখানে নানা কারণে কিছু বাজার সংকুচিত হয়েছে। এসব বাজার পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য সফর করলে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে- এ প্রস্তাবও তিনি বৈঠকে উত্থাপন করেছেন।