মাহবুব মোর্শেদকে অযোগ্য বললেন আজাদ মজুমদার

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহাবুব মোর্শেদকে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে ‘অযোগ্য নিয়োগ’ বলে দাবি করেছেন বিদায়ী প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আজাদ মজুমদার তার পোস্টে লিখেন, ‘অন্তর্বর্তী সরকারের যত নিয়োগ ছিল, তার মধ্যে সবচেয়ে অযোগ্য ছিল মাহাবুব মোর্শেদ। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে দায়িত্ব পালনকালে তার কোনো সহযোগিতাই পাইনি।’

তিনি আরও গুরুতর অভিযোগ তুলে বলেন, ‘একবার তো গুমের রিপোর্টই সে গুম করে দিয়েছে। যে রিপোর্টার এই রিপোর্ট করেছে, তাকে অবর্ণনীয় হয়রানির শিকার হতে হয়েছে।’

আজাদ মজুমদার আরও দাবি করেন, মাহাবুব মোর্শেদকে সরিয়ে দেওয়ার বিষয়টি উপদেষ্টা পরিষদে একাধিকবার আলোচনা হলেও একজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় থাকায় তা সম্ভব হয়নি। তিনি লিখেন, ‘শুধুমাত্র একজন প্রভাবশালী ব্যক্তির প্রিয়পাত্র হওয়ায় তাকে সরানো সম্ভব হয়নি। তার নিয়োগটি বাতিলযোগ্য ছিল।’ তবে তাকে বিদায় করার ক্ষেত্রে কোনো ধরনের বলপ্রয়োগ বা ‘গা-জোয়ারি’র বিষয়টিকে তিনি সমর্থনযোগ্য নয় বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় গত ১৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া হয়। আজাদ মজুমদার সম্প্রতি একটি নতুন ইংরেজি দৈনিকের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।