সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিন এবং তার আগের দিন ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ধারণকৃত সমস্ত ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেগুলোর ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। নির্বাচনের আগের দিন (১১ ফেব্রুয়ারি) এবং নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি)- এই দুই সময়ের ধারণকৃত ফুটেজ ভবিষ্যতে যেকোনো আইনি জটিলতা বা প্রমাণক হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠলে বা কোনো কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে এই ফুটেজগুলো প্রধান তথ্যপ্রমাণ হিসেবে কাজ করবে।
ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার, দেশের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারদের এই আদেশ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।