ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অধিবেশন আহ্বানের জোর প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয় ১৩ ফেব্রুয়ারি। নবনির্বাচিত সংসদ সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, আগামী ১৪ মার্চের মধ্যে প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত বিদায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সংসদের অধিবেশন বসে। তবে এবার আগের সংসদের মেয়াদ না থাকায় অধিবেশন শুরুর জন্য দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হচ্ছে না। ফলে দ্রুততম সময়ের মধ্যেই অধিবেশন ডাকার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, ‘অধিবেশন বসার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে শপথ গ্রহণের এক মাসের মধ্যে অধিবেশন বসানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সে অনুযায়ী আমরা প্রস্তুত আছি।’
আনুষ্ঠানিক ঘোষণা এলেই অধিবেশন শুরুর চূড়ান্ত তারিখ ও সময় জানা যাবে।