প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুস সাত্তার পাটোয়ারী। একই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম পারভেজ। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আবদুস সাত্তার পাটোয়ারীর নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক এই নিয়োগ পেয়েছেন।

একই শর্ত ও সমপরিমাণ বেতনে প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ পেয়েছেন এস এম পারভেজ। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, তাদের নিয়োগের অন্যান্য শর্তাবলী সম্পাদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর দীর্ঘ ২০ বছর পর সরকার গঠন করেছে বিএনপি। নবগঠিত এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এই নতুন নিয়োগগুলো দেওয়া হচ্ছে।