শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত ‘থার্ড টার্মিনাল’ দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘প্রধানমন্ত্রী থার্ড টার্মিনালটি দ্রুততম সময়ের মধ্যে যাত্রী সেবার জন্য উন্মুক্ত করতে চান। সে লক্ষ্যেই তিনি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন। ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হওয়া এই টার্মিনালটি কীভাবে দ্রুত সচল করা যায়, তা নিয়ে এখন বিস্তারিত আলাপ-আলোচনা ও কারিগরি পর্যালোচনা চলছে।’

টার্মিনাল চালুর সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে মন্ত্রী জানান, ‘বর্তমানে আমরা তদন্ত ও বিচার-বিশ্লেষণ করছি কীভাবে কাজগুলো দ্রুত শেষ করা যায়। এখনই সুনির্দিষ্ট কোনো তারিখ বলা সম্ভব নয়, তবে কাজ পুরোদমে শুরু হয়েছে।’

পূর্ববর্তী সরকারের সময় কেন এটি চালু হয়নি- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কেন চালু হয়নি সেটি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এখন জনস্বার্থে এটি দ্রুত চালুর ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং নিয়মিত তদারকি করছেন।’

উল্লেখ্য, থার্ড টার্মিনালের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও নেটওয়ার্ক জটিলতা ও নকশা সংক্রান্ত কিছু কারিগরি সুপারিশের কারণে এর উদ্বোধন বিলম্বিত হচ্ছিল। প্রধানমন্ত্রীর আজকের নির্দেশনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে তোড়জোড় শুরু হয়েছে।