ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি জানান, কার্ড প্রদানের প্রক্রিয়াটি স্বচ্ছ করতে তিন স্তরে নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেন,`ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে আমরা একটি শক্তিশালী পর্যবেক্ষণ কাঠামো তৈরি করেছি। তালিকা প্রণয়ন থেকে শুরু করে কার্ড বিতরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে তিনটি আলাদা স্তরে তদারকি করা হবে। এতে করে প্রকৃত সুবিধাভোগীরাই এই সুবিধার আওতায় আসবে।'

দরিদ্রদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র এবং দরিদ্র পরিবারগুলোকে প্রাধান্য দিয়ে এই কার্ড বিতরণ করা হবে। সরকারের মূল লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।

তিনি আরও উল্লেখ করেন, পরিবারে নারীদের সামাজিক গুরুত্ব বাড়ানো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোতে স্বচ্ছলতা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, বিতরণ প্রক্রিয়া এতটাই স্বচ্ছ হবে যে এখানে দুর্নীতির কোনো ছিদ্রপথ রাখা হবে না।