বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা

পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠক শেষে হাইকমিশনার বলেন,‘আজকের এই সাক্ষাৎ মূলত সৌজন্যমূলক এবং প্রাথমিক মতবিনিময় হলেও আমাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আমরা কাজ করতে চাই।’

প্রণয় ভার্মা উল্লেখ করেন, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং টেলিফোনে আলাপ করেছেন। এছাড়া, গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বিশেষ চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন।

হাইকমিশনার আরও জানান, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইতিবাচক ও গঠনমূলক চিন্তার ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে ভারত আশাবাদী।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ভারতের এই সদিচ্ছাকে স্বাগত জানান এবং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন।