সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী একজন বরেণ্য পরিবারের সন্তান। তাঁর বাবা প্রয়াত আব্দুর রউফ চৌধুরী ছিলেন একজন ভাষা সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
তাঁর শিক্ষাজীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) এবং ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেন। এরপর তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (অনার্স) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণের পর লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে সর্বদা সোচ্চার। রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হিসেবে তাঁর এই নিয়োগ বিচার বিভাগে নতুন গতিশীলতা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
এর আগে ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে অ্যাটর্নি জেনারেল পদটি খালি রয়েছে।