আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে বা অনুমতি ছাড়া অফিস ত্যাগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশের প্রধান দিকগুলো হলো:
সকল কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না। পবিত্র রমজান উপলক্ষে অফিস ত্যাগের সময় বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টা নির্ধারিত থাকবে।
জরুরি প্রয়োজনে অফিস চলাকালীন বাইরে যেতে হলে নিজ অনুবিভাগের প্রধানের (যুগ্ম সচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে। এছাড়া নির্ধারিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দিয়ে অফিস ত্যাগ করতে হবে।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, বিলম্বে উপস্থিতি কিংবা নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগকে ‘শৃঙ্খলাপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে গণ্য করা হবে। এমন ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও গতি ফেরাতে এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এখন থেকে ডিজিটাল হাজিরার পাশাপাশি প্রতিটি দপ্তরে উপস্থিতির বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হবে।