আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নকে সামনে রেখে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আধুনিক ও অংশীদারত্বমূলক করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের করনীতি শাখা থেকে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোর কাছে এ সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, বাজেট প্রণয়নের প্রাথমিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে সুচিন্তিত মতামত চেয়েছে এনবিআর।
এনবিআরের চিঠিতে মূলত চারটি প্রধান বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। সেগুলো হলো-
১. ২০২৩ সালের আয়কর আইন।
২. ২০২৪ সালের উৎসে কর বিধিমালা ও অন্যান্য বিধিমালা।
৩. ২০০৩ সালের ভ্রমণ কর আইন।
৪. ১৯৯০ সালের দান কর আইন।
ব্যবসায়ী সংগঠনগুলোকে আগামী ১৫ মার্চের মধ্যে তাদের প্রস্তাব ও সুপারিশমালা এনবিআরের করনীতি শাখার কাছে হার্ড কপি আকারে জমা দিতে বলা হয়েছে। হার্ড কপির পাশাপাশি সরাসরি ই-মেইলের (taxpolicynbr@gmail.com) মাধ্যমেও ডিজিটাল কপি পাঠানো যাবে।
এনবিআর মনে করে, অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও কার্যকর সুপারিশের ভিত্তিতে একটি ব্যবসাবান্ধব এবং টেকসই কর কাঠামো তৈরি করা সম্ভব হবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।