স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটিসহ নবনিযুক্ত ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসময় ছয় সিটির প্রশাসকরা তাদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তারা নিজ নিজ শহরের উন্নয়নে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছয় প্রশাসককে নিয়োগ দেওয়া হয়। আজ তারা আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন।
নিযুক্ত ছয় প্রশাসক হলেন:
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: মো. আব্দুস সালাম
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: মো. শফিকুল ইসলাম খান
- খুলনা সিটি কর্পোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
- সিলেট সিটি কর্পোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
- গাজীপুর সিটি কর্পোরেশন: মো. শওকত হোসেন সরকার।
বৈঠক শেষে প্রশাসকরা জানান, একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নগর প্রশাসন গড়ে তোলার মাধ্যমে জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে তারা অগ্রাধিকার দেবেন।