রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব পদে আবারও নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিতে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
উল্লেখ্য, সরওয়ার আলম এর আগেও এই পদে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তাঁকে সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের অধীনে তিনি পুনরায় বঙ্গভবনের এই গুরুত্বপূর্ণ পদে ফিরে এলেন।
সরওয়ার আলম প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে তিনি বঙ্গভবনের গণমাধ্যম সংক্রান্ত যোগাযোগ ও জনসংযোগের দায়িত্ব পালন করবেন।