দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মধ্যে একটিতে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে রাজধানীসহ সারাদেশে গ্যাসের সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। আগামী অন্তত দুই দিন এই সংকট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, কয়েকদিন আগেই একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। সেটি পুনরায় চালু করার পরপরই নতুন করে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে টার্মিনালটি আবারও মেরামত করতে হচ্ছে এবং এরই মধ্যে গ্যাস সরবরাহ কমতে শুরু করেছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি একই কারণে দুই দিন গ্যাস সরবরাহ বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে না হতেই এক সপ্তাহের ব্যবধানে আবারও এই বিপর্যয় দেখা দিল।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই দিন সরবরাহ কম থাকায় আবাসিক গ্রাহকদের রান্নায় ভোগান্তি এবং শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দ্রুত মেরামতের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সহসাই এই সংকটের পূর্ণ সমাধান মিলছে না বলে ধারণা করা হচ্ছে।