৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যোগদানকারী ৩২৬ জনকে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মোট ৩৪৮ জন প্রার্থীকে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল। গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে গেজেট প্রকাশ করে। সেখানে ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগদানের সময়সীমা নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ে ৩৪৮ জনের মধ্যে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেন এবং বাকি ২২ জন কর্মকর্তা চাকরিতে যোগ দেননি।
যোগদানকারী ৩২৬ জন কর্মকর্তা এরই মধ্যে তাদের জন্য আয়োজিত অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। প্রজ্ঞাপনে তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতনক্রমে সংশ্লিষ্ট কলেজে প্রভাষক পদে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের অবিলম্বে তাদের জন্য নির্ধারিত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, ৪৪তম বিসিএসের গেজেটে মোট ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছিল, যার মধ্যে শিক্ষা ক্যাডার ছিল অন্যতম বড় একটি অংশ।