পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ থেকে, যেদিন প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হবে এবং এই কার্যক্রম চলবে ৯ মার্চ পর্যন্ত।
এবারও যাত্রীদের দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মিত ট্রেন চলাচলের পাশাপাশি বাড়তি চাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনাও নিয়েছে রেল কর্তৃপক্ষ, যাতে ঈদের সময় ভ্রমণ আরও স্বস্তিদায়ক হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের যাত্রার টিকিট। পরদিন ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট, ৫ মার্চে ১৫ মার্চের, ৬ মার্চে ১৬ মার্চের, ৭ মার্চে ১৭ মার্চের, ৮ মার্চে ১৮ মার্চের এবং ৯ মার্চে ১৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে।
ঈদ শেষে ঘরে ফেরার যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে এবং চলবে ১৯ মার্চ পর্যন্ত। ওই দিন বিক্রি হবে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চে ২৪ মার্চের, ১৫ মার্চে ২৫ মার্চের, ১৬ মার্চে ২৬ মার্চের, ১৭ মার্চে ২৭ মার্চের, ১৮ মার্চে ২৮ মার্চের এবং ১৯ মার্চে ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।