জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটিকে একটি আধুনিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাই। বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর ইকোসিস্টেমের সাথে আমাদের গণমাধ্যমকে আরও নিবিড়ভাবে যুক্ত করা প্রয়োজন। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন বর্তমানের মতো উন্নত প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। প্রযুক্তির এই দ্রুত প্রসারের সঙ্গে খাপ খাইয়ে নিতে যে ধরনের সংস্কার দরকার, তা এতদিন পুরোপুরি হয়ে ওঠেনি।’
তিনি আরও জানান, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সকলের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে গণমাধ্যমকে আধুনিকায়ন করা হবে এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিতে বাধাগুলো দূর করা হবে। তথ্য মন্ত্রণালয়কে যুগোপযোগী করার মাধ্যমে একটি অবাধ তথ্য প্রবাহের পরিবেশ তৈরি করাই বর্তমান সরকারের লক্ষ্য।
এর আগে, তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রমের আওতায় বিআরটিএ-এর পক্ষ থেকে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে মোট ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ২ কোটি ১৭ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।