দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘কোনো সরকারি দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু চাকরি হারানোই শেষ কথা নয়, দুর্নীতি প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করবে। দেশে মামলার জট একটি প্রকট সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে মামলার জট নিরসনে যা যা প্রয়োজন, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’
নরসিংদীতে সংঘটিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই ঘৃণ্য অপরাধে যারা জড়িত এবং যারা তাঁদের আশ্রয় দিচ্ছে, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আশ্রয়দাতাদের শিকড় উপড়ে ফেলা হবে। আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় যতটা তৎপর ছিলাম, এখন তাঁর চেয়েও বেশি কঠোর ও তৎপর ভূমিকা দেখতে পাবেন।’
আসন্ন সংসদ অধিবেশন নিয়ে আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনস্বার্থে সাংবিধানিকভাবে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, তার প্রত্যেকটিই আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই পেশ করা হবে।
এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল এবং জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।