শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় আকাশপথ বন্ধ থাকায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গত তিন দিনে বিশ্বের বিভিন্ন গন্তব্যের মোট ১০২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। আজ সোমবার (২ মার্চ) এক দিনেই বাতিল হয়েছে ৩৯টি ফ্লাইট।

সোমবার  (২ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট ও ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়।

বেবিচক জানিয়েছে, বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুটে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও অন্যান্য অনেক রুটে আকাশপথ নিরাপদ হওয়ায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে।