প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে  বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান নিয়োগ পেয়েছেন। এছাড়া সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা ও মো. জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।  

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তা এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।  

৩ উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগগুলোর অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে।

একই দিনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবি’র সম্পাদক এসএএম মাহফুজুর রহমান (গ্রেড-১)। এর আগে জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবং আতিকুর রহমান রুমনকে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।