মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থা ও ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করেছেন তিন দেশের শীর্ষ কূটনৈতিকরা।
সোমবার (২ মার্চ) কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এ বিষয়ে আলোচনা করেন।
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ফোনালাপে মধ্যপ্রাচ্যে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। ওই তিন দেশের মন্ত্রীরা আশ্বস্ত করেছেন যে, এই সংকটকালীন সময়ে সেখানে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা তাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ড. খলিলুর রহমান আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। প্রবাসীরা যাতে কোনো ধরনের বিপদে না পড়েন বা আতঙ্কিত না হন, সেজন্য আমরা প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করছি।’
উল্লেখ্য, সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে সেখানে থাকা প্রায় ৬০ লাখ বাংলাদেশির জীবন ও জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সরকারের পক্ষ থেকে উচ্চপর্যায়ে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।