সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মো. জিয়াউল হক। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘সমুদ্র ও নদীমাতৃক এই বাংলাদেশের বিশাল জলসীমার নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রম আমাদের জাতীয় সম্পদ রক্ষায় বড় অবদান রাখছে।’

প্রধানমন্ত্রী বিশেষ করে সমুদ্র উপকূল এবং নদী তীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ডকে আরও জোরালো ভূমিকা রাখার নির্দেশনা দেন। জনগণের জানমালের নিরাপত্তায় সব সময় পাশে থাকার জন্য তিনি বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় রিয়াল এডমিরাল মো. জিয়াউল হক কোস্টগার্ডের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন।

কোস্টগার্ড প্রধান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে, তাঁর দিকনির্দেশনা অনুযায়ী বাহিনীটি আরও আধুনিক ও সুসংগঠিত হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকবে।