বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ছয়টি রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সংস্থাটি।মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এই জরুরি সিদ্ধান্তের কথা জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে– সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। ভুক্তভোগী যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার অথবা নিকটস্থ বিক্রয় কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে মধ্যপ্রাচ্যের সাতটি দেশ- ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ অনিরাপদ হওয়ায় বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট সূচি স্থগিত করতে বাধ্য হচ্ছে।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আজ মঙ্গলবার এক দিনেই বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত চার দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যার বড় একটি অংশই মধ্যপ্রাচ্যগামী। এতে কয়েক হাজার প্রবাসী কর্মী ও যাত্রী চরম বিপাকে পড়েছেন।