মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি আকাশসেবা সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ঢাকা-দুবাই-ঢাকা রুটে আজ ও আগামীকাল দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
বিশেষ ফ্লাইটের সময়সূচি:
১. প্রথম ফ্লাইট (৪ মার্চ, বুধবার): আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
২. দ্বিতীয় ফ্লাইট (৫ মার্চ, বৃহস্পতিবার): আগামীকাল বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে। দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় এটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৩৬ আসনবিশিষ্ট বিশালাকার ‘এয়ারবাস এ৩৩০-৩০০’ উড়োজাহাজের মাধ্যমে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে কিংবা দ্রুত শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই বিশেষ ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের আকাশপথের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইনসসহ হাতেগোনা কয়েকটি সংস্থাকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। বিশেষ এই ফ্লাইটের টিকিট বুকিং সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও আরব আমিরাতের যেকোনো ইউএস-বাংলা সেলস সেন্টার অথবা ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া বিস্তারিত তথ্যের জন্য ইউএস-বাংলার হটলাইন ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।
বিগত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে আকাশপথ বন্ধ থাকায় হাজার হাজার প্রবাসী দুবাইসহ বিভিন্ন শহরে আটকা পড়েছেন। ইউএস-বাংলার এই পদক্ষেপ তাদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।