দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে নিয়মিত ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন প্রবাসী বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক প্রবাসী বাংলাদেশি দুবাইয়ে আটকা পড়েন। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়।

এরই অংশ হিসেবে প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) রাতে দুবাই থেকে রওয়ানা দিয়ে আজ ভোরে ঢাকায় পৌঁছায়। দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দুবাইয়ের স্থানীয় সময় রাত ১০টায় ফিরতি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, যেসব প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই বিশেষ ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলাসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ এই ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।