ত্রয়োদশ জাতীয় সংসদের নব নির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়। তার আগে সংসদ সদস্যদের হ্যাঁ ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
প্রথমে রাষ্ট্রপতি স্পিকার হিসেবে বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে শপথ পড়ান। এরপর শপথ গ্রহণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসন এবং ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া চিফ হুইপ মো. নুরুল ইসলাম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু হয়।