সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান সরকারের একাধিক মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতারা। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকরা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন। আজ বিকেলের মধ্যেই তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।