উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার কথা থাকলেও আপাতত দেশে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশ ভ্রমণের উপযোগী না হওয়ায় এবং মস্তিস্কের জটিলতা বাড়ায় দেশেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। রিপোর্টের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। এরপর দ্রুত প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি ‘ভার্চুয়াল মেডিকেল বোর্ড’ গঠন করা হয়। বোর্ড নিবিড়ভাবে সব তথ্য বিশ্লেষণ করে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের (Surgery) সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতি পাওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে (OT) নেওয়া হয়েছে।
মির্জা আব্বাসের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডে রয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. রাজিউল হক, ডা. সৈয়দ সাঈদ আহমেদ, ডা. কাদের শেখ এবং ডা. শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলতে জুমার নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সবশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার সিঙ্গাপুর যাত্রা স্থগিত থাকলেও মেডিকেল বোর্ডের পরবর্তী সুপারিশের ওপর ভিত্তি করে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন ডা. রফিকুল ইসলাম।