আজ সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম আজ রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় পুনরায় শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের কার্যক্রম শুরু হলেও রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনটি রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।

অধিবেশনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, দিনের শুরুতে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা (মাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা), প্রাথমিক ও গণশিক্ষা, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্ন ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। রমজান ও সরকারি ছুটির দিনগুলো বাদে প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে। তবে রোববারের অধিবেশনটি বিশেষ প্রয়োজনে সকাল ১১টায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৮টি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশ্যে ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং সিদ্ধান্ত প্রস্তাব সংক্রান্ত ৯৭টি নোটিশ পাওয়া গেছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে কণ্ঠভোটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান।