আজারবাইজান হয়ে ইরান থেকে ফিরছেন ২০০ বাংলাদেশি

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সেখানে অবস্থানরত ২০০ বাংলাদেশি নাগরিককে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আজারবাইজানের রাজধানী বাকু হয়ে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান থেকে এই নাগরিকদের প্রথমে সড়কপথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড (বিশেষ) ফ্লাইটে তাদের সরাসরি ঢাকায় আনা হবে। এই পুরো প্রক্রিয়াটি তদারকি করার জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে বিশেষ দায়িত্ব দিয়ে আজারবাইজানে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, আজারবাইজান থেকে বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। ইরানে অবস্থানরত সাধারণ নাগরিক ছাড়াও তেহরানে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদেরও ফিরিয়ে আনা হচ্ছে।

সব মিলিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, যাদেরকে দুই ধাপে দেশে আনা হবে। আজ প্রথম ধাপে ২০০ জন ফেরার কথা রয়েছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিরতার কারণে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাদের জীবন রক্ষায় এই জরুরি প্রত্যাবাসন উদ্যোগ গ্রহণ করেছে।