যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুর ১২টায় রাজধানীর প্রধান সরকারি বাসভবন ‘যমুনা’য় এক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে যমুনায় এক পারিবারিক আবহ তৈরি হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ড. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ পরিবারের অন্য সদস্যরা। সাক্ষাৎ শেষে তাঁরা সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে একটি যৌথ ছবিতে ফ্রেমবন্দি হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুশলাদি বিনিময়ের পাশাপাশি তাঁরা দেশের সার্বিক পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় তাঁরা জাতীয় ঐক্য বজায় রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ঈদের এই পবিত্র মুহূর্তে উভয় পক্ষই দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক প্রধান উপদেষ্টার মধ্যের এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ দেশের রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক বার্তা দেবে। এটি রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।